মালদা ডিভিশনে ট্রেন চলাচলে বড় রদবদল, আপনার যাত্রা কি বাতিল হলো?
বার্তা ডেস্কঃ
মালদা: গঙ্গার ভাঙন রুখতে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু হয়েছে মালদা ডিভিশনে। যার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বেশ কিছু প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হলেও যাত্রীদের স্বস্তি দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বিকল্প রুটে চালিয়ে যাতায়াত সচল রাখার চেষ্টা করছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, সারকি গলি ও মহারাজপুর স্টেশনের মাঝে গঙ্গার ভাঙন রোধের জন্য ডাউন লাইনে পণ্যবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। সীমিত গতিতে ট্রেন চালানো হচ্ছে আপ লাইনে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন রেল কর্মীরা।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
সংস্কার কাজের জেরে সাময়িকভাবে বাতিল করা হয়েছে একাধিক মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন। এর মধ্যে রয়েছে:
- মেমু ট্রেন: ৩৪০২, ৬৩৪২১ এবং ৬৩৪১১
- প্যাসেঞ্জার ট্রেন: ৫৩৪১১ প্যাসেঞ্জার
- ইন্টারসিটি এক্সপ্রেস: ১৩৪২৭ হাওড়া–সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস
- অন্যান্য: তিনপাহাড়–রাজমহল ও রাজমহল–তিনপাহাড় রুটের বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন
ঘুরপথে চলবে যেসব দূরপাল্লার ট্রেন
যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:
- জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে: দিল্লি–কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল, আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস, ভাতিন্ডা–বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস এবং নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস।
- ভাগলপুর–দুমকা–রামপুরহাট হয়ে: ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং জামালপুর–হাওড়া এক্সপ্রেস।
- কিউল–ঝাঝা–আসানসোল হয়ে: গয়া–হাওড়া এক্সপ্রেস।
সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রাপথ (Short Terminated)
কয়েকটি ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে:
- আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার বারহারওয়া পর্যন্ত যাবে।
- কিউল–মালদা টাউন ইন্টারসিটি সাহিবগঞ্জে যাত্রা শেষ করবে।
- বর্ধমান–সাহিবগঞ্জ মেমু তিনপাহাড় পর্যন্ত চলবে।
- মালদা টাউন–কিউল ইন্টারসিটি সাহিবগঞ্জ স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।