যন্তর মন্তরে ধুন্ধুমার, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি। বুধবার ‘ইন্ডি’ জোটের প্রতিবাদ কর্মসূচির সময় যন্তর মন্তরের কাছে পুলিশকর্মীদের নিগ্রহ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে এদিন পরিস্থিতি চরম আকার নেয়। মধ্যাহ্নভোজের পর বিরোধী সাংসদরা বাসে চড়ে যন্তর মন্তরের দিকে রওনা দিলে পুলিশ তাঁদের আটকে দেয়। বাধা পেয়ে বাসের ছাদেই মঞ্চ বানিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

এরপরই পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান প্রিয়াঙ্কা গান্ধী, যাঁদের পরে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সাংসদ ও নেতাসহ মোট ৯১ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারি রাহুল গান্ধীর বিরুদ্ধে মহিলা পুলিশকর্মীদের ধাক্কা ও হুমকির গুরুতর অভিযোগ তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *