দুর্গাপুজোর রাতে মেট্রো পরিষেবা নিয়ে বড় আপডেট, আপনার রুট কি বন্ধ?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে তিলোত্তমাবাসীর সেরা ভরসা কলকাতা মেট্রো। ২০২৬ সালের দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুগম যাতায়াতের জন্য মেট্রো রেল বিশেষ সময়সূচি ঘোষণা করেছে। পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু ও গ্রিন লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ মিনিট অন্তর ট্রেন চলবে। তবে আসল চমক সপ্তমীতে; সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টা এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট পর্যন্ত সারারাত চলবে মেট্রো পরিষেবা। দশমীতে সার্ভিস মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
পূজোর দিনগুলোতে ট্রেন চড়ার আগে জেনে রাখা জরুরি, কোন কোন লাইনে পরিষেবা মিলবে না। ইয়েলো লাইনে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সকাল ও বিকালের স্লটে নির্দিষ্ট সময় অন্তর ট্রেন চললেও, সপ্তমী থেকে নবমী সম্পূর্ণ স্তব্ধ থাকবে পার্পল ও অরেঞ্জ লাইনের চাকা। দশমীতেও এই দুটি রুটে কোনো ট্রেন চালানো হবে না। তাই প্যান্ডেল পরিক্রমায় বেরোনোর আগেই সময়সূচি দেখে নিয়ে ছকে ফেলুন আপনার উৎসবের রুট ম্যাপ।