মাত্র ১০ টাকায় পুজোর জামা! জেলায় জেলায় শুরু হচ্ছে নমো মল
বার্তা ডেস্কঃ
পুজোর বাজারে নতুন জামাকাপড় কেনার উচ্চমূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে এবার বাংলায় চালু হচ্ছে ‘নমো মল’। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ মাত্র ১০ টাকায় তাঁদের পছন্দের পুজোর পোশাক কিনতে পারবেন। স্থায়ী কোনো শপিং মল না হলেও, নির্দিষ্ট এলাকায় অস্থায়ী পরিকাঠামো তৈরি করে এই বিপণিগুলি চালু করা হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপির এই অভিনব উদ্যোগের প্রথম কর্মসূচিটি বাস্তবায়িত হতে চলেছে উত্তর ২৪ পরগনার জলহাটিতে। পুজোর ঠিক আগে দু’দিনের জন্য সেখানে এই অস্থায়ী মল বসবে। পরবর্তীতে জলহাটির পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই ‘নমো মল’ চালুর পরিকল্পনা রয়েছে বিজেপির। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।