পুজোর আনন্দ কি মাটি হবে? দুই জেলায় জারি হলুদ সতর্কতা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো ঠিক দোরগোড়ায় কড়া নাড়লেও নিম্নচাপের ভ্রুকুটিতে বাংলার উৎসবের আকাশে ফের কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা এখনই রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং জোড়া ঘূর্ণাবর্ত ও তিনটি শক্তিশালী অক্ষরেখার জোরালো প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই আবহাওয়ার জেরে আজ, বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বিশেষ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় বেলা বাড়তেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আগামীকাল শুক্রবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা হলো, মহালয়ার দিন থেকেই আবহাওয়ায় উন্নতির ইঙ্গিত মিলছে। উত্তরবঙ্গেও মহালয়ার পর আগামী রবিবার থেকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির প্রকোপ কমবে। রাজধানী কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিকে পুজোর দিনগুলিতে ঠিক কেমন আবহাওয়া থাকবে, সেই নিয়ে আগামীকাল শুক্রবারই চূড়ান্ত ও বিস্তারিত পূর্বাভাস জানাতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর।