দলবদল বিতর্ক, ফের ১৪ দিনের সময় চেয়ে স্পিকারে কাছে সুদীপ-কাকলিরা!

বার্তা ডেস্কঃ

নিজেদের রাজনৈতিক অবস্থান ও দলত্যাগ সংক্রান্ত নোটিসের জবাব দিতে লোকসভার স্পিকারের কাছে আরও ১৪ দিন সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদ। বৃহস্পতিবারই তাঁদের জবাব দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। লোকসভার সচিবালয়ে বিকেল ৫টার মধ্যে এই মর্মে চিঠি পৌঁছানোর কথা রয়েছে। সূত্রের খবর, আইনজীবীদের পরামর্শে উত্তর তৈরির কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পূর্ণ করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই ফের অতিরিক্ত সময়ের আর্জি জানানো হয়েছে।

মূলত কোন যুক্তিতে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে তাঁরা যোগ দিয়েছেন এবং কেন দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে কার্যকর হবে না, তা জানাতে বলা হয়েছিল। এর আগেও একাধিক দফায় সময় পেলেও উত্তর জমা দিতে পারেননি সাংসদেরা। এই বিলম্ব নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। সাংসদ পদ খারিজ সংক্রান্ত আইনি লড়াইয়ের আবহে স্পিকার এই সময়সীমা বৃদ্ধি করেন কি না, সেদিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *