সবুজ সাথীর সাইকেলের দাবিতে রণক্ষেত্র স্কুল, তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের!

বার্তা ডেস্কঃ

সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া ব্লকের জপমালি দেশবন্ধু হাইস্কুল। গত বছর নবম শ্রেণিতে পাঠরত অবস্থায় রাজ্যের অন্যান্য স্কুলের পড়ুয়ারা সরকারি সাইকেল পেলেও বঞ্চিত হয় এই স্কুলের ছাত্র-ছাত্রীরা। বারবার স্কুল কর্তৃপক্ষ ও বিডিও-র কাছে আবেদন জানিয়েও মিলেনি সমাধান। চরম ক্ষোভে ফেটে পড়ে বর্তমানে দশম শ্রেণিতে পড়া শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। এর ফলে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে প্রবেশ করতে না পেরে বাইরেই আটকে পড়েন। বিক্ষোভকারী পড়ুয়াদের স্পষ্ট দাবি, তারা অবিলম্বে তাদের প্রাপ্য সাইকেল হাতে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে।

এই নজিরবিহীন ঘটনায় স্কুল চত্বরে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও নির্বাচনসহ একাধিক অজুহাতে সাইকেল পাওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করলেও, সহ-শিক্ষক উৎপল মালিক জানান যে ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তরে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। বিডিও এবং প্রশাসনের কাছ থেকে বারবার আশ্বাসের বাণী শুনলেও বাস্তবে সাইকেল না মেলায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সঞ্চারিত হয়েছে, যার জের ধরে আজকের এই অনভিপ্রেত বিক্ষোভ ও অচলাবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *