আইনজীবীদের কর্মবিরতিতে থমকে বিচারব্যবস্থা, সোমবারের মধ্যে তলব রিপোর্ট!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর হামলা এবং ব্যাঙ্কশাল ও চন্দননগর আদালতে চলা কর্মবিরতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতে কর্মবিরতি চলতে পারে না কারণ এতে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সংকট কাটাতে বার কাউন্সিলের সদস্যদের সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের প্রতিটি আদালতে আইনজীবীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং শালবনিতে আইনজীবী শামিম আহমেদের গাড়ি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা রুজু করেছে উচ্চ আদালত। মূলত বিভিন্ন ঘটনার জেরে বিক্ষোভ ও নিগ্রহের পরিবেশ তৈরি হওয়ায় ব্যাঙ্কশাল ও চন্দননগর আদালতে এই কর্মবিরতি শুরু হয়। আদালত চত্বরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এসব ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। আগামী সোমবারের মধ্যে এই দুই আদালতের কর্মবিরতি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বার কাউন্সিলকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।