আটক ধ্রুব রাঠি, উত্তাল যন্তর মন্তর! দুর্গের রূপ নিল দিল্লি?
বার্তা ডেস্কঃ
শনিবার দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধান নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টার জেরে গুরুগ্রামের বাসভবন থেকে আটক হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তথা আইনি উপদেষ্টা ধ্রুব রাঠি এবং রত্না সিং। বিক্ষোভের আগেই রাতভর অভিযানে প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্য দিল্লির বহু এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরজুড়ে অন্তত ২৬ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ও এর সংলগ্ন একাধিক এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনপথ ও কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা শৃঙ্খলার কারণে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, যার ফলে কলকাতা থেকে দিল্লিগামী জোড়া রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন ‘আরশোলা’ নেতা অভিজিৎ দীপকে। যেকোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি।