মহালয়ার রাতে ড্রোনের জাদুতে মুগ্ধ তিলোত্তমা!

বার্তা ডেস্কঃ

হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি থাকতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে আলোর রোশনাই, ঢাকের বোল আর সুরের মূর্ছনায় উৎসবের মেজাজে মেতে উঠল কলকাতা। ইডেন গার্ডেন্সে আয়োজিত মেগা অনুষ্ঠানে চোখধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ড্রোনের কারসাজির মাধ্যমে আকাশজুড়ে ফুটিয়ে তোলা হয় দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব ও পদ্মের প্রতিকৃতি। মহালয়ার আবহে দুর্গাপুজোর আনন্দকে আরও বড় পরিসরে তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে শান, লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্রের মতো শিল্পীদের সুরের জাদুতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে সাজা এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের একাধিক পরিচিত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহালয়ার ভোরে রেডিওর আবহ থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত বাঙালির দুর্গোৎসবের নানা মুহূর্ত লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়। এই জমজমাট আয়োজনের জেরে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছিল। নাচ, গান ও প্রযুক্তির অভিনব এই উপস্থাপনা কলকাতার দুর্গোৎসবের সূচনাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *