নন্দীগ্রামের পর বড় চমক, পুরভোটের লড়াইতে সরাসরি প্রার্থী খুঁজছে কংগ্রেস!
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম উপনির্বাচনে আশাতীত ফল পাওয়ার পর এবার আত্মবিশ্বাসী হয়ে পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নির্দেশ অনুযায়ী, কলকাতা ও হাওড়া পুর নির্বাচনে দলীয় কর্মী থেকে শুরু করে সমাজের যেকোনো স্তর থেকে ইচ্ছুক ব্যক্তিদের বায়োডাটা ও নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিধান ভবন, সংশ্লিষ্ট জেলা অফিস কিংবা ই-মেইলের মাধ্যমে এই আবেদনপত্র জমা নেওয়া যাবে। নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে বিজেপিবিরোধী লড়াইয়ে নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে স্বাগত জানাতে চাইছে হাত শিবির।
সাম্প্রতিক উপনির্বাচনে কংগ্রেসের ভোটপ্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দলের অন্দরে নতুন আশার সঞ্চার হয়েছে। রাজ্য কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, এই রাজনৈতিক ইতিবাচক ট্রেন্ড পুরভোটেও প্রতিফলিত হতে পারে। পর্যবেক্ষকদের মতে, এককভাবে লড়াই করার এই মানসিকতা দলের মনোবল বাড়াতে সাহায্য করেছে। একই সঙ্গে দলীয় মুখপাত্র ‘কংগ্রেস বার্তা’-র পুজো বার্ষিকী প্রকাশ এবং বিভিন্ন রাজনৈতিক তৎপরাতীর মাধ্যমে ভোটের আগে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে মাঠে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস।