গিনেস বুকে ইতিহাস! ইডেনে ৩ হাজার ঢাকের বোলে মহালয়ায় বাজিমাত কলকাতার
বার্তা ডেস্কঃ
মহালয়ায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা। পালাবদলের পর রাজ্যের প্রথম দুর্গাপুজোর প্রাক্কালে ইডেন গার্ডেন্সে আয়োজিত মেগা ইভেন্টে একসঙ্গে ৩ হাজার ঢাকির সমবেত বাদনে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল কলকাতা। আলো ঝলমলে ইডেন চত্বরে ড্রোন শো, চোখ ধাঁধানো লেজার লাইট ও আতসবাজির পাশাপাশি আদিবাসী নৃত্য এবং লোক-সংস্কৃতির এক অপূর্ব প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। এদিনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মুখ্যমন্ত্রীর হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তুলে দেন মুখ্যসচিব।
বিজেপি সরকারের তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শাসনামলে বঙ্গে আয়োজিত এই প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে, আর মহালয়ার এই চোখধাঁধানো আয়োজন সেই প্রত্যাশাকে পুরোপুরি ছাড়িয়ে গেল। রেড রোড থেকে শুরু করে পুরো ইডেন চত্বরজুড়ে উৎসবের মেজাজ বজায় ছিল। একদিকে হাজারেরও বেশি নৃত্যশিল্পীর বর্ণাঢ্য পরিবেশনা এবং অন্যদিকে ৩ হাজার ঢাকের বোলে মুখরিত আকাশ কলকাতার মুকুটে এক নতুন ও গৌরবোজ্জ্বল পালক যুক্ত করল।