পুজোয় ভেস্তে যাবে ঠাকুর দেখা! ষষ্ঠী-সপ্তমীর পূর্বাভাসে কাঁপছে রাজ্যবাসী?

বার্তা ডেস্কঃ

মহালয়া পেরোতেই ভোরে কুয়াশা আর হালকা হিমেল হাওয়ায় পুজো পুজো আমেজ রাজ্যজুড়ে। তবে উৎসবের দিনগুলোতে আনন্দের আমেজ মাটি হতে পারে বৃষ্টির আশঙ্কায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না। ১৩ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মোটের উপর অপরিবর্তিত থাকলেও ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলীয় অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পুজোর দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটাও খুব একটা আলাদা নয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এখনই ভারী বৃষ্টির কারণে পুজো পণ্ড হওয়ার নিশ্চিত আশঙ্কা না থাকলেও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখা এবং আবহাওয়ার আপডেটে নজর রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *