ফের উত্তপ্ত রাজধানী, যন্তর মন্তরে আটক শীর্ষ নেতৃত্ব!
বার্তা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ রবিবার রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শনিবার পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়ে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ একাধিক শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দলের দাবি, অবিলম্বে ধৃতদের মুক্তি ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দিতে হবে।
শীর্ষ নেতৃত্ব আটক থাকলেও আন্দোলন থেকে পিছু হটছে না দল। জাতীয় স্তরের নেতা অজিঙ্কা শিন্ডের নেতৃত্বে আজ সকাল থেকেই যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা করা হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তা এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুংকার দিয়েছে CJP। অন্যদিকে, বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।