নবরাত্রিতে ছাঁটাইয়ের খাঁড়া, তেলেঙ্গানায় ডান্ডিয়া বয়কট ঘিরে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় নবরাত্রি ও ডান্ডিয়া অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে মুসলিম বাউন্সারদের নিয়োগ না করার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হায়দরাবাদের একাধিক বাউন্সার এজেন্সির দাবি, বহু আয়োজক ধর্মীয় পরিচয়ের কারণে মুসলিম নিরাপত্তাকর্মীদের বয়কট করছেন, যার ফলে উৎসবের মরশুমে রুজিরুটি হারিয়ে চরম সংকটে পড়েছেন বহু কর্মী। হিন্দু-মুসলিম নিরাপত্তাকর্মীদের যৌথ সংগঠন ও বিভিন্ন বাউন্সার এজেন্সির প্রতিনিধিরা এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে কর্মসংস্থানে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করার জোর দাবি তুলেছেন। ধর্ম বা নামের ভিত্তিতে নয়, যোগ্যতার বিচারে কাজের সুযোগ দেওয়া উচিত বলে সোচ্চার হয়েছেন তারা।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তেলেঙ্গানার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই বৈষম্যমূলক আচরণের কড়া নিন্দা জানিয়েছেন। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং ধর্মান্ধতার এই বিষ ছড়ানো রোধে তিনি অবিলম্বে কঠোর পুলিশি হস্তক্ষেপের দাবি তুলেছেন। ধর্মীয় পরিচয়ের কারণে কর্মসংস্থানের অধিকার খর্ব হওয়ার ঘটনাটি রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং এই পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনিক স্তরেও ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *