হিন্দু ও হিন্দুত্ববাদী এক নয়! দাবিতে অনড় বিকাশরঞ্জন

বার্তা ডেস্কঃ

নিজের বাড়িতে দুষ্কৃতী হামলার পর সামাজিক মাধ্যমে করা বিতর্কিত পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি মুছতে সাফ মানা করে দিলেন প্রবীণ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। গত বৃহস্পতিবার ভোরের দিকে তাঁর যাদবপুরের বাড়িতে বোতল ও পাথর ছুড়ে জানলা ভাঙার অভিযোগ ওঠে। এই ঘটনার নেপথ্যে ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ রয়েছে বলে সরব হন তিনি। পরবর্তীতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে জানায়, অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। এর পরেই মুখ্যমন্ত্রীর আসন থেকে শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে আপত্তি তুলে প্রবীণ এই আইনজীবীকে ৪৮ ঘণ্টার মধ্যে শব্দটি ফেসবুক থেকে ডিলিট করার চরম হুঁশিয়ারি দিয়েছিলেন।

রবিবার মুখ্যমন্ত্রীর দেওয়া সেই সময়সীমা শেষ হলেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি বিকাশবাবু। উল্টে স্পষ্ট জানিয়ে দেন, হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ সম্পূর্ণ দুটি বিপরীতমুখী বিষয়। তাঁর মতে, হিন্দু ধর্ম সকলকে গ্রহণ করার বহুত্ববাদী তত্ত্ব শেখায়, অন্যদিকে হিন্দুত্ববাদ আদতে গুন্ডামির রূপমাত্র যা মূল ধর্মকে ধ্বংস করছে। নিজের অভিযোগে অনড় থেকে উলটে মুখ্যমন্ত্রীর দেওয়া আইনি অধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই আবহে এখন প্রশাসনিক মহলে জল্পনা তীব্র হচ্ছে যে, ডেডলাইন অমান্য করায় সিপিএম নেতার বিরুদ্ধে এবার বড় কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *