বাজকুলে তুলকালাম! বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র কলেজ চত্বর
বার্তা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাজকুল এলাকায় বাম ছাত্র সংগঠন এআইডিএসও-র কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি মিছিল ও সম্মেলনকে কেন্দ্র করে বিজেপি এবং এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়ায় বামকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন ছাত্র গুরুতর জখম হয়েছেন এবং বাজকুল কলেজ চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। সভাস্থলে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ভগবানপুরের বিধায়ক তথা মন্ত্রী শান্তনু প্রামাণিক জানিয়েছেন, মিছিল থেকে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবিভিপির ছাত্ররা। এর সঙ্গে বিজেপির কোনো সরাসরি যোগ নেই বলে তিনি দাবি করেছেন। পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।