২০ লক্ষ টাকার লোভে শেষ পরিণতি! অভিজাত আবাসনে মিলল কৃষি বিজ্ঞানীর মেয়ের নিথর দেহ

বার্তা ডেস্কঃ

তেলঙ্গানার একটি অভিজাত আবাসনে কৃষি বিজ্ঞানীর শিশুকন্যাকে অপহরণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নিখোঁজ হওয়ার দীর্ঘক্ষণ পর আবাসনের ক্লাব হাউসের সেল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার সময় শিশুটির সঙ্গে ঘুরছিল আবাসনেরই নিরাপত্তারক্ষী বিক্রম। কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই এই নৃশংস অপহরণ ও খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর থেকেই অভিযুক্ত নিরাপত্তারক্ষী পলাতক রয়েছে এবং তাকে ধরতে পুলিশের দশটি বিশেষ দল ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

নিরাপত্তারক্ষীর এমন কাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়েছে ওই ভিলা আবাসনের বাসিন্দাদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে অনুমান করা হচ্ছে অভিযুক্ত সেকেন্দরাবাদ রেল স্টেশনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। জনবহুল ও সুরক্ষিত আবাসন চত্বরে এই ধরনের অপরাধের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *