৪৯ বছরেও বাংলায় নেই মুখ্যমন্ত্রী! কেন এমন দশা? হিসেব কষলেন অমিত শাহ
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকার অনিয়ম ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের উত্তাল প্রতিবাদের মাঝেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে দীর্ঘ দশক ধরে দলের ক্ষমতা না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুগের পর যুগ ধরে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেই। রাহুল গান্ধীর নেতৃত্বেই দল ও ইন্ডিয়া জোটের ভাঙন শুরু হয়েছে বলে কটাক্ষ করে শাহ কংগ্রেসকে আত্মসমালোচনা করার পরামর্শ দেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখন বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, তখন শাহের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। বিজেপির মতে, নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের দায় ইভিএম বা নির্বাচন কমিশনের ঘাড়ে না চাপিয়ে কংগ্রেসের উচিত নিজেদের সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক কৌশল পর্যালোচনা করা। সবমিলিয়ে ভোট-চুরি ইস্যুতে বিরোধীদের আক্রমণ প্রতিহত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক শিবির।