মুলতানে মর্মান্তিক দুর্ঘটনা, ঝরল পাঁচ প্রাণ!
বার্তা ডেস্কঃ
মঙ্গলবার সকালে পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে করাচি থেকে পেশোয়ারগামী রহমান বাবা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত পাঁচ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ জন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট না হলেও ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। জিও নিউজ়কে দেওয়া এক যাত্রীর দাবি অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগে ট্রেনের একটি কামরায় রেলকর্মীদের নাট-বল্টু মেরামতের কাজ করতে দেখা গিয়েছিল। যদিও যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগেও ২০১৯ এবং ২০২২ সালে দুর্ঘটনার কবলে পড়েছিল এই রহমান বাবা এক্সপ্রেসটি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা না হলেও মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।