উৎসবের মরশুমে নবান্নে বড় রদবদল, ৪ শীর্ষ IAS-এর নতুন দায়িত্ব জানুন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর ঠিক মুখেই রাজ্য প্রশাসনে বড়সড় পরিবর্তন আনল নবান্ন। সোমবার জারি করা একটি সরকারি নির্দেশিকায় শীর্ষ স্তরের চারজন আইএএস আধিকারিকের দফতর বদল করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সরকারি কাজকর্মে গতি আনা এবং প্রশাসনিক লক্ষ্যমাত্রা নিশ্চিত করতেই নতুন সরকারের অধীনে এই দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মুহূর্তে রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে এমন পরিবর্তন প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন কৃষি সচিব ওঙ্কার সিং মীনাকে এখন প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। সুন্দরবন বিষয়ক দফতরের সচিব মুক্তা আর্যকে করা হয়েছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান ও এমডি। তাঁর জায়গায় সুন্দরবন বিষয়ক দফতরের নতুন সচিবের দায়ভার নিচ্ছেন শশাঙ্ক শেঠি, যিনি আগে নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পাশাপাশি, অরবিন্দ কুমার মিনাকে আদিবাসী উন্নয়ন দফতরের সচিব পদে স্থানাস্তরিত করা হয়েছে।সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।