সংরক্ষণ নিয়ে বড় ধাক্কা! কর্ণাটকের এসসি-এসটি আইন খারিজ করল হাই কোর্ট
বার্তা ডেস্কঃ
কর্নাটকে তপশিলি জাতি ও উপজাতিদের (এসসি-এসটি) সংরক্ষণ বাড়ানোর ২০২২ সালের বিতর্কিত আইন খারিজ করে দিল হাই কোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। এর বেশি সংরক্ষণ বৃদ্ধি সম্পূর্ণ অসাংবিধানিক এবং তা সংবিধানের ১৪, ১৫ ও ১৬ নম্বর ধারার পরিপন্থী। ফলে রাজ্য সরকারের সরকারি চাকরির সংরক্ষণ বৃদ্ধির ৪ নম্বর ধারাটি বাতিল করা হয়েছে।
সোমবারে বিচারপতি বিভু বাখরু ও বিচারপতি কে এস হেমলেখার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, এসসি সংরক্ষণ ১৫ থেকে ১৭ শতাংশ এবং এসটি সংরক্ষণ ৩ থেকে ৭ শতাংশ করায় মোট সংরক্ষণ গিয়ে দাঁড়িয়েছিল ৫৬ শতাংশে। বিজেপি সরকারের আমলে বাসবরাজ বোম্বাইয়ের মুখ্যমন্ত্রিত্বকালে এই আইন পাস হয়েছিল। ইতিমধ্যে কর্নাটক সরকার এই রায়কে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।