হাওড়া জেলে বন্দির রহস্যমৃত্যু, বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পরিবারের!
বার্তা ডেস্কঃ
হাওড়া জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত প্রসেনজিৎ ঘোষের পরিবারের স্পষ্ট অভিযোগ, খাবারের সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমনকি অসুস্থ হওয়ার পরেও জেল কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসা করায়নি বলে অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট লিলুয়ার বার্মা কলোনিতে গুলি চালানোর একটি ঘটনায় প্রসেনজিৎকে গ্রেপ্তার করে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরিবারের দাবি, সম্প্রতি জেলের ভেতর দেখা করতে গেলে তিনি অসুস্থতার কথা জানান এবং আইনজীবীর মাধ্যমে হাসপাতালে ভর্তির আবেদনও করা হয়েছিল।
মৃতের মায়ের দাবি, গত শনিবার বিকেলে জেল থেকে ফোন করে জানানো হয় প্রসেনজিৎ গুরুতর অসুস্থ এবং তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে অতিরিক্ত নেশার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে, তবে পরিবার এই দাবি অস্বীকার করেছে। তাদের জোরালো দাবি, জেলের নিরাপত্তা বলয়ের মধ্যে খাবারেই বিষাক্ত কিছু মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ায় এই পরিণতি হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে পরিবার। অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।