অবসর নিলেও কেন বিশেষ সুবিধা? মুখ্য নির্বাচন কমিশনারের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আবহেই তাঁর আইনি রক্ষাকবচ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR)। চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাক্ট, ২০২৬-এর ১৬ নম্বর ধারাকে অসাংবিধানিক দাবি করে দায়ের করা এই মামলায় মঙ্গলবার কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে শুনানি চলাকালীন প্রশ্ন ওঠে, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরও কেন এই ধরনের আজীবন রক্ষাকবচ দেওয়া হবে?

মামলাকারী সংস্থার মতে, সংবিধান কিংবা ভারতের অন্য কোনও আইনে আজীবন এমন আইনি সুরক্ষার বিধান নেই, যা বর্তমান ও প্রাক্তন কমিশন প্রধানদের আদালতের এক্তিয়ারের ঊর্ধ্বে রাখতে পারে। বিতর্কিত এই ধারাটি বলবৎ থাকলে দায়িত্ব পালনকালীন বা অবসরপ্রাপ্ত কমিশনারদের বিরুদ্ধে কোনও দেওয়ানি বা ফৌজদারি মামলা চালানো সম্ভব নয়। উল্লেখ্য, এর আগে ‘লোক পাহাড়ি’ নামে অপর একটি এনজিও একই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিল, যা গত জানুয়ারিতে শুনতে রাজি হয় আদালত। এবার এই নতুন নোটিসে আইনি ও রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *