দশ টাকার কয়েন বস্তাভর্তি করে স্কুটার কিনলেন প্রৌঢ়!

বার্তা ডেস্কঃ

ডিজিটাল লেনদেনের এই যুগে খুচরো পয়সার ব্যবহার যখন প্রায় উঠেই চলেছে, ঠিক তখনই তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার লাক্সেটিপেট এলাকায় ঘটে গেল এক অবাক করা ঘটনা। দীর্ঘ তিন বছর ধরে প্রতিদিনের লেনদেনে পাওয়া ১০ টাকার কয়েন জমিয়ে তা দিয়ে একটি নতুন স্কুটার কিনে তাক লাগিয়ে দিয়েছেন ৫১ বছর বয়সি বি রবি জোসেফ। পেশায় চার্চের এক পাস্টর এই ব্যক্তি বাজার করার সময় ফেরত পাওয়া ১০ টাকার কয়েনগুলি খরচ না করে একটি পাত্রে জমিয়ে রাখতেন। বাজারে এই কয়েনগুলির বৈধতা নিয়ে নানা গুজব ছড়ালেও তিনি কান দেননি।

অবশেষে সমস্ত কয়েন গণনা করে দেখা যায় তার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার টাকা। গত সোমবার পরিবারের স্বপ্ন পূরণ করতে সেই কয়েনের বস্তা নিয়ে তিনি স্থানীয় হোন্ডা শোরুমে উপস্থিত হন। শোরুমের কর্মীরা প্রায় দুই ঘণ্টা ধরে সমস্ত কয়েন গুনে তাঁর হাতে স্কুটারের চাবি তুলে দেন। অল্প সঞ্চয়কে পুঁজি করে বড় স্বপ্ন অর্জনের এই অসামান্য দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন জয় করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *