পুজোর ছুটির আগেই স্কুলে মহাভোজ, আনন্দে মাতল খুদেরা!

বার্তা ডেস্কঃ

শারদোৎসবের আবহ সারা বাংলা জুড়ে। এরই মাঝে পুজোর ছুটির ঠিক মুখে জলপাইগুড়ির ধূপগুড়ির গড়খুট্টা ৩ নম্বর বিএফপি স্কুলে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মিড-ডে মিলের বদলে শিশুদের পরিবেশন করা হলো স্পেশাল মেনু— গরম ফ্রাইড রাইস, সোয়াদ আলুর মাংস, চাটনি ও পাপড়। ‘শারদীয়ার স্নেহের আহার’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে স্কুলের প্রায় দুই শতাধিক খুদে পড়ুয়া মহানন্দে সান্ধ্যকালীন ভূরিভোজে মেতে ওঠে। প্রিয় খাবার পাতে পেয়ে শিশুদের বাঁধভাঙা উছ্বাস এক অন্য মাত্রার আনন্দ ছড়িয়ে দেয় পুরো প্রাঙ্গণে।

উৎসবের মরশুমে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং শারদীয় শুভেচ্ছা জানাতেই শিক্ষক-শিক্ষিকাদের এই যৌথ উদ্যোগ। শিক্ষকরা নিজেরাই শিক্ষার্থীদের পাতে পরম মমতায় খাবার তুলে দেন, যা পড়ুয়াদের সঙ্গে তাদের আন্তরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। স্কুলের প্রধান শিক্ষক দেবতোষ চ্যাটার্জী জানান, ছোটদের ভালোবাসার ছোঁয়া দিতেই এই আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের এমন মানবিক যত্ন ও ভালোবাসায় আপ্লুত অভিভাবকেরাও, যা পুরো এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *