পুজোর আনন্দ কি ভেস্তে দেবে বৃষ্টি? ষষ্ঠী ও সপ্তমীতে আবহাওয়ার বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
শারদোৎসবের দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বরাবরই কৌতূহল থাকে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, উৎসবের শুরুতে হাওয়া মূলত শুষ্ক থাকলেও মাঝামাঝি সময়ে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, দ্বিতীয়ায় কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে হালকা বর্ষণ হতে পারে। এর পর তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে ষষ্ঠী ও সপ্তমীর পূর্বাভাস, যেখানে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে পুজোর শেষের দিনগুলোতে সাধারণ মানুষের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমীর মতো গুরুত্বপূর্ণ দিনগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে উৎসবের দিনগুলিতে আবহাওয়া অনেকটাই অনুকূল ও শুষ্ক থাকার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে ১১ থেকে ১৫ অক্টোবর এবং ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া শুকনো থাকলেও কেবল ১৬ ও ১৭ অক্টোবরে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। ফলে সার্বিকভাবে বৃষ্টি পুরোপুরি আনন্দ ভেস্তে না দিলেও উৎসবপ্রেমীদের ছাতা সঙ্গেই রাখতে হচ্ছে।