মহুয়ার নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ, সরাসরি ময়দানে অমিত শাহের মন্ত্রক!
বার্তা ডেস্কঃ
নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে সংশ্লিষ্ট মামলায় যুক্ত করার এই নির্দেশ দেন। নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে বারংবার দুষ্কৃতীদের দ্বারা হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলে সর্বক্ষণের নিরাপত্তারক্ষী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই সাংসদ। এর আগে আদালত রাজ্যকে সাংসদের নিরাপত্তার নিয়ম সম্পর্কে জানাতে বললে, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান যে ‘ইয়েলো বুক’ মেনেই তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
পাল্টা মহুয়ার আইনজীবীর সওয়াল, মক্কেলের নিরাপত্তায় একজন পিএসও থাকলেও তিনি সর্বদা সঙ্গে থাকেন না, ফলে হামলার পর অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে। দুই পক্ষের সওয়াল শুনে বিচারপতির নির্দেশ, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করতে পারে, তাই অমিত শাহের মন্ত্রককে এই মামলায় যুক্ত করা হোক। আগামী ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।