রজনীকান্তের অকল্পনীয় আয়, ‘জেলার ২’ মুক্তির আগেই তুমুল শোরগোল!
বার্তা ডেস্কঃ
নেলসন দিলীপকুমার পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ ২০২৬ সালের ১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। ফিল্মিবিট তামিলের রিপোর্ট অনুযায়ী, বহুল আলোচিত এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটির আনুমানিক বাজেট প্রায় ২৪০ থেকে ৩০০ কোটি টাকা। তারকাদের বিশাল পারিশ্রমিক বাদ দিলে ছবির মূল নির্মাণ খরচ ১০০ কোটি টাকার নিচেই থাকছে বলে জানা গেছে। ২০২৩ সালে ২০০ কোটি বাজেটের প্রথম ছবি ‘জেলার’ বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পর এবার প্রযোজনা সংস্থা সান পিকচার্স আরও বড় পরিসরে ফ্র্যাঞ্চাইজিটি ফেরাতে চলেছে। কালানিথি মারানের প্রযোজনায় এবং অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গীতে ছবিটিতে রম্যা কৃষ্ণন, যোগী বাবুদের পাশাপাশি যুক্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও এস জে সূর্যের মতো তারকারা।
এই বিগ বাজেট ছবির জন্য রজনীকান্ত নিজে ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জোর চর্চা চলছে। শুধু নির্দিষ্ট পারিশ্রমিকই নয়, এর পাশাপাশি ছবির ব্যবসায়িক লভ্যাংশ থেকেও সুপারস্টার এক মোটা অংশ পাবেন। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করলে তাঁর মোট আয় পৌঁছে যেতে পারে প্রায় ১৮০ কোটি টাকায়। যদিও প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে এই পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করেনি, তবুও প্রথম পর্বের অসামান্য ব্লকব্লাস্টার সাফল্যের পর থালাইভার এই সম্ভাব্য আয়ের খবর ভক্তদের মধ্যে মারাত্মক উন্মাদনা সৃষ্টি করেছে। এছাড়া মোহনলাল, শিবা রাজকুমার, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি এবং হৃতিক রোশনের বিশেষ ক্যামিও উপস্থিতি চলচ্চিত্রটি ঘিরে দর্শক ও সিনেমা বিশ্লেষকদের আগ্রহ ও কৌতুহল বহু গুণে বাড়িয়ে দিয়েছে।