উৎসবের মাঝেই বড় ধাক্কা, পুজো কাটবে জেলেই!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমেও মিলল না স্বস্তি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা শ্রীভূমির প্রধান উদ্যোক্তা সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে এই মামলার শুনানিতে জামিন নাকচ হওয়ায়, এবারের দুর্গাপুজো তাঁকে জেলেই কাটাতে হবে। ইডি-র দাবি, এই নিয়োগ দুর্নীতির জেরে অভিযুক্তের অ্যাকাউন্ট এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের হদিশ মিলেছে।

অন্যদিকে, সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন যে মামলার তদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম ছিল না। তা সত্ত্বেও তাঁকে আটকে রাখা সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করা হয়। তবে সমস্ত যুক্তি খারিজ করে আদালত জামিন আবেদন মঞ্জুর না করায়, সুজিতহীন শ্রীভূমির এই পুজো অন্য মাত্রা নিয়েছে। তদন্তে সহযোগিতার আশ্বাস দেওয়া সত্ত্বেও আদালতের এই রায়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *