অবশেষে শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়!
বার্তা ডেস্কঃ
বেআইনি বিলবোর্ড সংক্রান্ত মামলায় দীর্ঘ নাটকীয়তার পর শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে ইমেলের মাধ্যমে ৪৮ ঘণ্টা সময় চান। পরবর্তীতে পুলিশ তাঁর বাসভবনে গিয়ে বুধবার সকালে উপস্থিত থাকার নোটিস জারি করে। সেই নোটিস মেনেই নির্ধারিত সময় সকাল ১১টায় থানায় পৌঁছে যান সাংসদ।
উল্লেখ্য, গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বেআইনি ও নিরাপত্তাহীন বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ এবং কলকাতা পুরসভার সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল বচসা ও হাতাহাতি হয়। পুলিশ জোড়াফুল সংবলিত বোর্ডটি সরিয়ে নিলে সেখানে পুনরায় একই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়।