মাঝ আকাশে হাইজ্যাক আতঙ্ক, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমান!
বার্তা ডেস্কঃ
ফের মাঝআকাশে বিমান হাইজ্যাকের অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইট এআই-২০৩০ আমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের জরুরি সংকেত পাওয়ার পর জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটির পাইলট স্কোয়াক-৭৫০০ কোড সংকেত সক্রিয় করার পরই সিকিউরিটি এজেন্সিগুলি সতর্ক হয়ে যায় এবং দিল্লির ওয়ার রুম থেকে বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ন’টা পঁয়ত্রিশ মিনিটে বিমানটি জয়পুর বিমানবন্দরে নামার পর তল্লাশির জন্য আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে বিমানটিতে সবকিছু স্বাভাবিক পাওয়া গেলেও কেন এই হাইজ্যাক অ্যালার্ট জারি হয়েছিল এবং কোড অ্যাক্টিভ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক আকাশপথে বিমান হাইজ্যাকের বেশ কিছু অনভিপ্রেত ঘটনা সামনে আসায় এ ধরনের নিরাপত্তা সতর্কতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশেষজ্ঞরা। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত আসল সত্য উদঘাটনের কাজ চলছে।