পুজোর আনন্দে কি বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
চতুর্থীর বিকেলে হঠাৎ হওয়া বৃষ্টি কি পুজোর দিনে আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত দিল? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে উৎসবপ্রেমী মানুষের মনে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থীর রেশ কেটে গেলেও উৎসবের বাকি দিনগুলোতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চম ও ষষ্ঠীর দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সপ্তমীর পর থেকে আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করবে এবং অষ্টমী থেকে দশমী পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলাই মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজোয় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। পঞ্চমীতে সমস্ত জেলাই শুষ্ক থাকলেও ষষ্ঠী ও সপ্তমীতে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলোর কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমীর পর থেকে উত্তরবঙ্গের আকাশেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, ফলে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো বাধা থাকছে না বললেই চলে। আবহাওয়া দফতরের এই স্বস্তিকর বার্তার পর পুজোর বাকি দিনগুলোতে রাজ্যবাসীর ঘোরাঘুরি ও উৎসব উদযাপনে বড় কোনো দুর্যোগের শঙ্কা নেই।