আকাশপথে চরম আতঙ্ক, গন্তব্যে পৌঁছানোর আগেই জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার!
বার্তা ডেস্কঃ
মাঝ আকাশে হঠাৎই নিরাপত্তা নিয়ে তৈরি হয় তীব্র উদ্বেগ। বিমান ছিনতাইয়ের সতর্কবার্তার পাশাপাশি বোমাতঙ্ক ছড়াতেই চাঞ্চল্য দেখা দেয় এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ান এআই-২০৩০ (AI-2030)-এ। গন্তব্যের পথে না এগিয়ে পাইলট তড়িঘড়ি বিমানটি ঘুরিয়ে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করান। নির্ধারিত যাত্রাপথ বদলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে পাইলটের সময়োপযোগী সিদ্ধান্তে কোনো বড়সড় বিপদ ঘটেনি এবং বিমানটি নিরাপদে মাটিতে নামতে সক্ষম হয়।
অবতরণের পরপরই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। সাধারণ বিমান থেকে আলাদা করে সেটিকে তড়িঘড়ি আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নির্ধারিত সুরক্ষাবিধি মেনে সিআইএসএফ ও নিরাপত্তা সংস্থাগুলি বিমানে জোরকদম তল্লাশি শুরু করেছে। মাঝ আকাশে ঠিক কী ধরনের সতর্কবার্তা এসেছিল বা সত্যি কোনো বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকেরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন এবং এখনও পর্যন্ত এ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।