উৎসবের মরশুমে বাম্পার সুখবর, রাজ্যে আসছে ৪৫ হাজার সরকারি চাকরি!
বার্তা ডেস্কঃ
উৎসবের মুখে রাজ্যে নিয়োগের বড় চমক! মহাচতুর্থীর সন্ধ্যায় বেকার যুবক-যুবতীদের জন্য এল বিশাল সুখবর। পুলিশ, পঞ্চায়েত এবং শিক্ষা দপ্তরসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৫,১৮৫ পদে নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য ক্যাবিনেট। খুব শীঘ্রই এই সমস্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তি ও প্রক্রিয়া শুরু হতে চলেছে।
গতকাল ক্যাবিনেট বৈঠকের পর কোন দপ্তরে কত নিয়োগ হবে, তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়। ঘোষিত ৪৫,১৮৫টি পদের সিংহভাগই রয়েছে শিক্ষা দপ্তরে।
দপ্তরভিত্তিক নিয়োগের খতিয়ান:
- স্কুল শিক্ষা দপ্তর (School Education): ৩৩,১৯১ জন
- পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন (Panchayat & Rural Development): ৭,১১৯ জন
- কারিগরী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন (Technical Education & Skill Development): ১,৮৮৬ জন
- রাজ্য পুলিশ (Police Department): ৯৯৬ জন
শিক্ষা দপ্তরে সবচেয়ে বড় নিয়োগ:
শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। স্কুল শিক্ষা দপ্তরের ৩৩,১৯১টি পদের বিন্যাস নিচে দেওয়া হলো:
- সহকারী শিক্ষক (Assistant Teacher): ১২,৩৪৩ জন
- আপার প্রাইমারি (Upper Primary): ৬,০৫২ জন
- প্রাথমিক সহকারী শিক্ষক (Primary Assistant Teacher): ৪,৪৩২ জন
- প্রধান শিক্ষক (Headmaster): ৪,৩৯৪ জন
- ফার্স্ট গ্রেড টিচার (First Grade Teacher): ১,০৩২ জন
- অ্যাসিস্ট্যান্ট টিচার (PG): ২৩ জন
বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য পুজোর উপহার:
শুধু নতুন চাকরিই নয়, বন্ধ হয়ে থাকা চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়ানোর বড় ঘোষণাও করা হয়েছে। ২০২৩ সাল থেকে বন্ধ থাকা ২১টি চা বাগানের শ্রমিকদের জন্য উৎসব বোনাস হিসেবে চলতি মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এই আর্থিক সহায়তা পাবেন ৬০ বছরের কম বয়সী চা বাগান শ্রমিকরা। আর্থিক সাহায্যের পাশাপাশি প্রতি পরিবারকে ৫০ কেজি করে চাল দেবে রাজ্য সরকার।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য পুলিশে ১১,৫৯৩ জন কনস্টেবলকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং আগামী নভেম্বরের শেষ নাগাদ আরও ৯,০০০ পুলিশকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তার মাঝেই মহাচতুর্থীর সন্ধ্যায় এই ৪৫ হাজারের মেগা নিয়োগের ঘোষণা রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।