পুজোর মুখেই বড় ধাক্কা, ঋতব্রতর শিবির ছাড়লেন সাবিনা!
বার্তা ডেস্কঃ
শারদ উৎসবের ঠিক আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিল। দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চতুর্থীর সকালে তিনি পদত্যাগপত্র দলের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি জানিয়েছেন। তবে পদ ছাড়লেও তিনি দলত্যাগ করছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, এই ইস্তফাপত্র ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। পদত্যাগপত্রে সাবিনা ইয়াসমিন বিপ্লব মিত্রকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর সভাপতি হিসেবে উল্লেখ করেছেন এবং চিঠিতে কোথাও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করেননি। সুপ্রিম কোর্ট ও বিধানসভার অধ্যক্ষের কাছে ১০ জন দলত্যাগী বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন বিচারাধীন রয়েছে, যার নোটিস সাবিনা ইয়াসমিনের কাছেও পৌঁছেছে। এর মাঝেই তাঁর এই পদত্যাগ ঋতব্রত শিবিরে নতুন করে অস্বস্তি বাড়াল। সুজাপুরের এই বিধায়ক শেষ পর্যন্ত কোন রাজনৈতিক অবস্থান নেন, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।