বিলবোর্ড-কাণ্ডে থানায় অভিষেক, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পেরোতেই কড়া হাজিরা!
বার্তা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোর ঘটনায় সংঘর্ষের জেরে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছন। এর আগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠানোর আবেদন জানিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন। এরপর পুলিশের তরফে নতুন করে নোটিস পাঠানো হলে সেই নির্দেশ মেনেই নির্ধারিত দিনে তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। গত ২৭ অগস্ট কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ের সামনে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে পুরকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
এই ঘটনায় দায়ের হওয়া এফআইআরগুলির মধ্যে দুটিতে অভিষেকের নাম রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশি কাজে বাধা, মারধর এবং মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠলেও, ইতিমধ্যে এই মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বুধবারের এই হাজিরায় তদন্ত কোন দিকে মোড় নেয় এবং পুলিশি জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।