‘ভোটচোর’ আক্রমণ! মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মোছার কড়া নির্দেশ আদালতের
October 15, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবালকে সমাজমাধ্যমে ‘ভোটচোর’ বলে বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত ওই মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে না পারায়, মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কলকাতার আলিপুর আদালত। নির্দেশনামা পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্টগুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, সরকারি কাজের সমালোচনা করার অধিকার সকলেরই রয়েছে, তবে প্রমাণের অভাবে কাউকে ব্যক্তিগতভাবে অপমান বা মানহানিকর নিশানা করা আইনত গ্রহণযোগ্য নয়। এর আগে মনোজ অগ্রবালের সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছিল। আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।