উৎসবের মরশুমে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দারুণ সুখবর, মিলবে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা!
বার্তা ডেস্কঃ
বছরের পর বছর ধরে অন্যের স্বাস্থ্যের খেয়াল রাখলেও নিজেদের যত্নের সুযোগ পান না যে অঙ্গনওয়াড়ি কর্মীরা, উৎসবের মুখেই তাঁদের বিশেষ সম্মান জানানো হলো। গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের সেবায় নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা জানানো হয়েছে ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে। পাশাপাশি, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের তরফে ৫২ জন কর্মীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ হেলথ কার্ড। কলকাতা থেকে শুরু করে কার্শিয়াং, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মী ও তাঁদের অতুলনীয় দায়বদ্ধতার প্রশংসা করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার কৌশিক সেন।
নতুন পাওয়া এই হেলথ কার্ডের মাধ্যমে এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা হাসপাতালে একদম বিনামূল্যে চিকিৎসক দেখানোর সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে মিলবে বিশেষ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হাসপাতালে ভর্তি হলে দিতে হবে না কোনো বেড ভাড়া। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির পরামর্শ দেওয়া থেকে শুরু করে শিশুদের পড়াশোনা শেখানোর দায়িত্ব সামলানো—যাঁদের ব্যস্ততায় পুজো দেখারও সুযোগ হয় না, তাঁদের জন্য একই সঙ্গে আয়োজন করা হয় বিশেষ পুজো পরিক্রমার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত জানান, প্রচারবিমুখ এই কর্মীদের সমাজের প্রতি অপরিসীম অবদানকে সবার সামনে তুলে ধরতে এবং তাঁদের পাশে দাঁড়াতেই তাঁদের এই কল্যাণমূলক উদ্যোগ।