স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগ, মৃত্যুদণ্ড এড়ালেন বাবা!
বার্তা ডেস্কঃ
স্ত্রী ও মাত্র ১৮ মাসের শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে অভিযুক্ত লাল সিং ওরাঁওয়ের দোষী সাব্যস্ত হওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ২০২৩ সালের ২৭ মার্চ জলপাইগুড়ির নাগরাকাটা থানায় দায়ের হওয়া এই মামলায় বিচার শেষে নিম্ন আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হাইকোর্ট জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলেও এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ হিসেবে গণ্য করা চলে না।
রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, চরম সাজা দেওয়ার আগে অভিযুক্তের পূর্বে অপরাধের রেকর্ড না থাকা, কারাগারে সন্তোষজনক আচরণ এবং সংশোধনের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। নিম্ন আদালত জেল-আচরণের রিপোর্ট সংগ্রহ না করায় সাজা নির্ধারণে ত্রুটি হয়েছিল। বিচার শেষে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, হেফাজতে কাটানো সময় মোট সাজা থেকে বাদ যাবে।