অবকাশকালীন বেঞ্চ ডাম্পিং গ্রাউন্ড নয়! অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

বার্তা ডেস্কঃ

তদন্তের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, চাইলেই কোনও মামলা অবকাশকালীন বেঞ্চে পাঠানো যায় না এবং এই বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় পুলিশ সম্প্রতি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যেই তদন্ত শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হওয়ায় জনমানসে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

মামলাটি আগামী ডিসেম্বর মাসে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। তবে দ্রুত শুনানির আর্জি জানিয়ে অভিষেকের আইনজীবী সওয়াল করেন যে, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলে তাঁর মক্কেলের ক্ষতি হতে পারে। এর প্রতিক্রিয়ায় আদালত জানায়, মামলাটি ইতিমধ্যেই একাধিক বেঞ্চের মধ্যে দিয়ে এগিয়েছে এবং শুধুমাত্র দ্রুত শুনানির আবেদন করা হয়েছে বলেই তা অগ্রাধিকারের ভিত্তিতে শোনা সম্ভব নয়। এই রায়ের ফলে নির্ধারিত সময়ের আগেই মামলাটির শুনানি করানোর চেষ্টা আপাতত সফল হল না। ডিসেম্বরে নির্ধারিত সময়েই মূল মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *