সরকার বদলের প্রথম দুর্গাপুজো! সুরুচি সংঘে পৌঁছে ভবিষ্যৎ নিয়ে জিৎ কী বললেন?
বার্তা ডেস্কঃ
এবারের দুর্গোৎসবে নতুন আবহ রাজ্যে। নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো ঘিরে কলকাতায় একাধিক আয়োজন করা হয়েছে। এই বিশেষ আবহে সুরুচি সংঘের মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে রাজ্যের ভবিষ্যৎ ও নতুন প্রশাসনিক উদ্যম নিয়ে খোলামেলা মন্তব্য করলেন টলিউড সুপারস্টার জিৎ। চেনা পাড়ার পুজোয় উপস্থিত হয়ে পুজোর আনন্দের পাশাপাশি রাজনৈতিক পালাবদল এবং রাজ্যের বর্তমান অবস্থা নিয়েও তিনি নিজের আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, “এবার নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম ও এনার্জি রয়েছে। আগামী দিনে এই সরকারের হাত ধরেই আমাদের সকলকে এগোতে হবে।” এর আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নান্দনিক ক্লাবের পুজো উদ্বোধনেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর উপস্থিতি ও তাঁদের সঙ্গে কথা বলার মুহূর্তকে নিজের ‘সৌভাগ্য’ বলে অভিহিত করেন জিৎ। এবারের পুজোয় তাঁর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় জাঁকজমকপূর্ণ প্রচারের চাপ এড়িয়ে আপাতত উৎসবের আবহেই সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা।