বিশ্বের সেরা গবেষকদের তালিকায় কলকাতার দুই ডাক্তার, বাংলার মুকুটে নতুন পালক!
বার্তা ডেস্কঃ
বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা দ্বিতীয় বছরের জন্য স্থান পেলেন কলকাতার দুই বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ওমপ্রকাশ সিং। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থার প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত তালিকায় ফের নাম উঠে এসেছে তাঁদের। এ বছর দেশের মোট ১৫ জন মনোরোগ বিশেষজ্ঞ এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বার্ধক্যজনিত মানসিক সমস্যা, স্মৃতিভ্রংশ এবং সামাজিক কুসংস্কার দূর করার ক্ষেত্রে তাঁদের দীর্ঘ গবেষণা চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে বাংলার মান উজ্জ্বল করেছে।
অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মেদনীপুর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ওমপ্রকাশ সিংয়ের এই সাফল্য ধারাবাহিক গবেষণারই ফসল। গবেষকদের কাজের প্রভাব, গুরুত্ব এবং উদ্ধৃতির ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং নতুন চিকিৎসাপদ্ধতির উন্নয়নে এই দুই চিকিৎসকের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলার চিকিৎসকদের এমন সাফল্য চিকিৎসা জগতের পাশাপাশি গোটা রাজ্যকে গর্বিত করেছে।