স্কুল চত্বরে পথকুকুরের আতঙ্ক, প্রশাসনের কড়া নির্দেশিকা!
বার্তা ডেস্কঃ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার স্কুল চত্বরে পথকুকুরের উপদ্রব বন্ধ করতে কঠোর নির্দেশিকা জারি করা হলো। উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জেলার সমস্ত স্কুল ও মাদ্রাসার প্রধানদের কড়া নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ এবং রাজ্য স্কুল শিক্ষা কমিশনারের আদেশের উপর ভিত্তি করে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি স্কুল চত্বরে পথকুকুরের আক্রমণ ও পড়ুয়াদের জখম হওয়ার একাধিক ঘটনা সামনে আসার পরেই এই সতর্কতা জারি করা হয়।
অ্যানিমেল হাজব্যান্ড্রি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট গাইডলাইন মেনেই স্কুলগুলোতে এই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নোডাল শিক্ষককে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে স্থানীয় ব্লক প্রশাসন বা পুরসভার কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া বনগাঁ ও বসিরহাট মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকসহ সংশ্লিষ্ট আধিকারিকদের এই নিয়ম কঠোরভাবে কার্যকর হচ্ছে কি না, তার উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষায় যাতে কোনো রকম খামতি না থাকে, তা নিশ্চিত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য।