হাতে জাতীয় পতাকা, সিজেপি প্রধানকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ! দিল্লির রাজপথে তীব্র উত্তেজনা
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির মারাত্মক অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মুম্বই থেকে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে বিমানবন্দর থেকেই একবার আটক হয়েছিলেন তিনি। এবার দিল্লির কনট প্লেসে সিজেপি-র পূর্বঘোষিত ‘তিরঙ্গা’ মিছিল শুরুর ঠিক আগেই তাঁকে পুনরায় আটক করল দিল্লি পুলিশ। ঘটনার সময় অভিজিতের হাতে ছিল জাতীয় পতাকা। অভিযোগ, পুলিশ তাঁকে বলপূর্বক টেনে নিয়ে গিয়ে নিজেদের গাড়িতে তোলে। পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে দিল্লির রাজপথে তৈরি হয় তীব্র চাঞ্চল্য ও ব্যাপক উত্তেজনা।
কনট প্লেসের এই ‘তিরঙ্গা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের জমায়েত বা বড় মিছিলে দিল্লির পুলিশের তরফে কোনো অনুমতি ছিল না। সূত্রের খবর, পুলিশ আগের দিনই মাত্র ১১ জনের একটি ছোট প্রতিনিধি দলকে জমায়েতের অনুমতি দেওয়ার কথা স্পষ্ট করেছিল। তা সত্ত্বেও কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ায় শুক্রবার সকালে অভিজিতের দিল্লির বাসভবনে সরাসরি পৌঁছে যায় পুলিশ বাহিনী। তাঁকে এই ধরনের মিছিল বা প্রতিবাদ থেকে বিরত থাকার কড়া বার্তা দেওয়া হয় এবং আইনানুযায়ী নোটিস ধরানো হয়। এরপরই জাতীয় পতাকা হাতে রাজপথে নামা মাত্রই অভিজিৎ দীপকেকে আটক করে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এই নিয়ে গত মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিল্লি পুলিশের হাতে দ্বিতীয়বার আটক হলেন সিজেপি প্রধান।