গালিফ স্ট্রিটে নিষিদ্ধ ৫ গাছ, কিনলেই গুনতে হবে মোটা টাকা!
বার্তা ডেস্কঃ
কলকাতার বিখ্যাত গালিফ স্ট্রিট পেট মার্কেটে আদালতের নির্দেশ মেনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও হাটের ব্যবসায়ী সমিতি। রঙিন মাছের পাশাপাশি এবার হাটে বিশেষ ৫টি প্রজাতির গাছ কেনাবেচাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় রয়েছে অর্কিড ব্লু ভান্ডা, ভান্ডা টিসেলাটা অর্কিড, ভান্ডা টেরেস, পাফিওপেডিলাম অর্কিড এবং কলসপত্রী অর্কিড। এ ছাড়া অ্যারোয়ানা, রেড টেইল ক্যাটফিশ, অ্যালিগেটর গারসহ বেশ কিছু প্রজাতির মাছ, দেশীয় মাছ ও শামুক বিক্রিও পুরোপুরি বন্ধ করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন ঠেকাতে কলকাতা পুলিশের বিশেষ দল সরাসরি হাটে টহল দিচ্ছে। প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে যে, নিষিদ্ধ কোনো গাছ বা মাছ বিক্রি হলে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে। কেবল বিক্রেতা নয়, কোনো ক্রেতার কাছে এই সব সামগ্রী পাওয়া গেলেও তা বাজেয়াপ্ত করার পাশাপাশি উভয় পক্ষের ওপরই চাপানো হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। ফলে প্রশাসনিক নিয়ম ও বিধিনিষেধ কড়াকড়িভাবে মেনে চলেই বর্তমানে গালিফ স্ট্রিটের ঐতিহ্যবাহী হাটে ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করতে হচ্ছে।