মন্দিরের পাশে মহাষষ্ঠীতে গরু জবাইয়ের তোড়জোড়, জবিতে তুঙ্গে বিতর্ক!
বার্তা ডেস্কঃ
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের কাছে গরুর মাংসের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরু জবাই করে ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল পড়ুয়া। গত ১২ অক্টোবর মুক্তমঞ্চের কাছে রান্নার আয়োজনকে কেন্দ্র করে হিন্দু পড়ুয়াদের আপত্তির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সে সময় প্রক্টরিয়াল বডি হস্তক্ষেপ করলেও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম জারি করা পশু জবাই নিষিদ্ধকরণের নির্দেশিকা প্রত্যাহার করে নেয়।
প্রশাসনের এই অবস্থান পরিবর্তনের পরই মহাষষ্ঠীতে ক্যাম্পাসে গরু কাটার সিদ্ধান্ত নেন আয়োজকরা। কলা ভবনের কাছের একটি খোলা মাঠে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে এবং এর জন্য ইতিমধ্যে একটি গরুও কেনা হয়েছে। ছাত্র সংগঠনের তরফ থেকেও আরেকটি পশু দেওয়ার প্রস্তাব এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংসদের সঙ্গে আলোচনা হলেও ধর্মীয় ভাবাবেগ ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে উদ্বেগ কাটেনি। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের সামনে না হলে অন্য জায়গায় আয়োজনে তাদের আপত্তি নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।