রাহুলদের বিরুদ্ধে বিস্ফোরক রাজনাথ, বাংলাদেশে ক্ষমতা দখলের ছক!
বার্তা ডেস্কঃ
জ্ঞানেশ-বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, এটি কোনো নির্বাচনী সংস্কার বা এসআইআর-এর লড়াই নয়, বরং দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের এক গভীর ষড়যন্ত্র। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিরোধীদের সরাসরি নিশানা করে রাজনাথ দাবি করেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে। এআইএসএ নেত্রী নেহা বোরার সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ আন্দোলনের আদলে এ দেশের তরুণদের উসকে দিয়ে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে কংগ্রেস ও তার সঙ্গীরা। একই সঙ্গে ১৯৭৫ সালের জরুরি অবস্থা, ১৯৮৪ সালের দাঙ্গা ও ৯০-এর দশকের রামভক্তদের ওপর সহিংসতার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।
রাজনাথের এই আক্রমণের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। রাজনাথ সিংহের অভিযোগের পাল্টা উত্তরে বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উক্তি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় বলতেন যে গণতন্ত্রে বিরোধীদের মূল কাজই হলো সরকারের ভুলত্রুটি জনসমক্ষে তুলে ধরা, তীব্র বিরোধিতা করা এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে উৎখাত করা। ফলে বিরোধী হিসেবে নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করাকে কোনোভাবেই ক্ষমতা দখলের চক্রান্ত বা নৈরাজ্য বলা চলে না। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে ও বিরোধীদের আন্দোলনকে দমন করতেই এমন বিভ্রান্তিকর অভিযোগ তুলছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে।