পুজোর পরেও কড়া নিরাপত্তা, বিসর্জন ঘিরে কী ব্যবস্থা নিল পুরসভা?

বার্তা ডেস্কঃ

আজ বিজয়া দশমী থেকেই শুরু হয়েছে দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন পর্ব। এই প্রক্রিয়া সুচারু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক তৎপরতা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শহরের মোট ২৭টি ঘাটে দিনরাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পরিষেবা দেবে পুর প্রশাসন। বাজে কদমতলা, নিমতলা, জাজেস ঘাট, আহিরীটোলা ও কুমোরটুলির মতো প্রধান স্থানগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য ৭টি অ্যাম্বুলেন্সসহ ৪৩টি মেডিকেল টিম মোতায়েন থাকছে। এছাড়া মশাবাহিত রোগ প্রতিরোধে নজরদারির দায়িত্বে থাকবে ৮টি ভেক্টর কন্ট্রোল টিম এবং সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় থাকবেন ৬১১ জন পুরকর্মী।

প্রতিমা বিসর্জনে জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে রতনবাবুর ঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ-এর ৮টি বিশেষ দল। প্রতিটি দলে ৩৫ জন করে সদস্যের পাশাপাশি ৫৬ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককেও কাজ লাগাবে পুরসভা। দুর্ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে ৭টি মোটরচালিত নৌকা, ডুবুরি, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফবয়। একইসঙ্গে পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ২৮টি পানীয় জলের ট্যাঙ্কার, ১২টি বায়ো টয়লেট এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। মাইকিং বা পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে ঘাটগুলোতে অনবরত নিরাপত্তা নির্দেশিকা প্রচার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *