আমেরিকা-মেক্সিকো সীমান্তে কি তবে সত্যি নামল ডেমোগর্গন?

বার্তা ডেস্কঃ

আমেরিকা এবং মেক্সিকো সীমান্তে আচমকাই দেখা মিলল এক অদ্ভুত ও ভয়াল প্রাণীর। ভাইরাল হওয়া এক ছবি ঘিরে বর্তমানে তোলপাড় নেট দুনিয়া। মেক্সিকোর জনপ্রিয় ইউএফও বিশেষজ্ঞ ও সাংবাদিক হাইমে মাউসান দাবি করেছেন, রিও গ্রান্দে নদীর তীরবর্তী হুয়ারে ভ্যালিতে বিশালাকার এই প্রাণীটির দেখা মিলেছে। প্রায় ৬ ফুট লম্বা ও সাদাটে রঙের এই প্রাণীটি নাকি ইতোমধ্যে হাঁস-মুরগি ও খরগোশ শিকার করা শুরু করেছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশাল লেজ ও দীর্ঘ পায়ের গড়ন থাকা সত্ত্বেও পৃথিবীর পরিচিত কোনো প্রাণীর সঙ্গেই এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিজ্ঞ মহলের একাংশ এই প্রাণীর শরীরী গঠনের সঙ্গে বিখ্যাত ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর কাল্পনিক ভিনগ্রহী চরিত্র ‘ডেমোগর্গন’-এর হুবহু মিল খুঁজে পাচ্ছেন। ইউএফও বিশেষজ্ঞ মাউসানের মতে, জীবটি ভিনগ্রহের না হলেও অন্য কোনো অজানা মাত্রা থেকে পৃথিবীতে চলে এসে থাকতে পারে। এমনকি প্রাণীটির চালচলনে কিছুটা মনুষ্যোচিত বুদ্ধিমত্তারও ছাপ লক্ষ্য করা গেছে। তবে রহস্যময় এই জীবটি আদতে দু’পায়ে হাঁটতে পারে কি না, তা স্পষ্ট নয়। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো রহস্যময় প্রাণীর উপস্থিতির বিষয়ে এখনও তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। সব মিলিয়ে সীমান্ত এলাকায় দিন দিন ঘনীভূত হচ্ছে রহস্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *